তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে দুটি রপ্তানিমুখী গার্মেন্ট কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। ওই সময়ে একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।
দুটি কারখানার মধ্যে ‘ক্রোনি সুয়েটার’ এর মালিক গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহ সভাপতি আসলাম সানি ও ‘এমবি নিট ফ্যাশন’এর মালিক সাবেক সহ সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার শাসনগাঁওয়ে বিসিক শিল্প নগরীতে এমবি নিট ফ্যাশন ও ক্রোনি সুয়েটার পাশাপাশি অবস্থিত। এর মধ্যে এমবি নিট ফ্যাশনের ভবন সংস্কারের কাজ চলছে। রোববার বিকেল ৪টায় ক্রোনি সুয়েটারের একটি কভার্ডভ্যান পার্কিং করে রাখার সময় এমবি নিট ফ্যাশন এর শ্রমিকেরা বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময়ে এমবি নিট ফ্যাশন এর জিএম শরীফুল ইসলামের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৪৮৫৬৪) ভাঙচুর করা হয়। শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে মোহাম্মদ হাতেম নিজেও আহত হন। এছাড়া আরো ২০জন শ্রমিক আহত হয়েছে যাদেরকে স্ব স্ব কারখানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে মোহাম্মদ হাতেম জানান, তুচ্ছ ঘটনার জের ধরে আমাদের শ্রমিকদের প্রথমে মারধর করায় এ ঘটনার সূত্রপাত হয়। বিষয়টি তাৎক্ষনিক শিল্প পুলিশকে জানালেও তারা যথাসময়ে ঘটনাস্থলে আসেনি।
অন্যদিকে আসলাম সানির মোবাইলে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, দুইজন চালকের মধ্যে তুচ্ছ ঘটনার তর্কাতর্কি নিয়ে দুটি গার্মেন্ট শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
