বিলম্বে হলেও বিএনপির বোধোদয় হয়েছে: ওবায়দুল কাদের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ২৩:৫৭

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিলম্বে হলেও বিএনপির বোধোদয় হয়েছে। এটা তাদের রাজনীতির বাস্তব পথে নিয়ে যাবে। কারণ তারা আন্দোলন করতে গিয়ে চোরাগোপ্তা বোমাবাজিতে লিপ্ত হয়েছিল।

গতকাল রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ফোরলেন সড়ক প্রকল্পের ওভারপাসের কাজ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ সম্পন্ন  হবে। রোজা ও ঈদকে সামনে রেখে মহাসড়কে যে ভোগান্তি হয় এবার সে ভোগান্তির পুনরাবৃত্তি হবে না। সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, বিগত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচন সরকার যেভাবে অবাধ ও নিরপেক্ষভাবে করেছে, তেমনি ভাবে এ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোরলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা প্রমুখ।