ভারতের রাজধানী দিল্লিতে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করা হয়েছে। গতকাল রবিবার দেশটির নিরাপত্তা সংস্থা এই সতর্কতা জারি করে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মুহাম্মদ (জেইএম) এ হামলা চালাতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। খবর এনডিটিভি’র।
ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সতর্কবার্তায় জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের সেনা ক্যাম্প সাম্বায় চালানো হামলার আদলে দিল্লিতে হামলা হতে পারে। এটা হবে ‘ফিদাইন’ ( উত্সর্গ করা) হামলা। দিল্লি পুলিশের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আওতাধীন এলাকায় হামলা প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২১ মার্চ দুইজন সন্ত্রাসী সাম্বায় হামলা চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা দুইজনই নিহত হয়। এর আগের দিন জম্মুর কাথুয়া জেলার পুলিশ স্টেশনে হামলা চালায় দুই সন্ত্রাসী। এতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য এবং দুই বেসামরিক নাগরিক নিহত হন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আহত হন ১১ জন।
