লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তারামপুর গ্রামের কোটা বাড়ী এলাকায় সাদ্দাম হোসেন নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন দক্ষিন হামছাদী গ্রামের ভূঁঞা বাড়ীর আমানত উল্যার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট-কালী বাজার রোডের কোটা বাড়ীর সাথে স মিলের পাশে বসে যুবদল কর্মী সাদ্দাম হোসেন চা খাচ্ছিলেন। এ সময় ৭/৮জন সন্ত্রাসী চা দোকানে এসে সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পরে এলাকাবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ হবে।
