চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১২:১১
 
সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে সোমবার সকাল সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরের শিমুলিয়া এলাকায় বৃষ্টির কারণে রেলপথের পাথর সরে গিয়ে লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে রাত দুইটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে ঢাকা থেকে উদ্ধারকারী দল ট্রেনটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করলে সকাল সাড়ে নয়টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
পুবাইল  রেল স্টেশনের মাস্টার তহুরুল ইসলাম জানান, গাজীপুরের পুবাইল ও আড়িখোলার মাঝামাঝি কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় রাত দুইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মাঝখানের দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় ভৈরবের আশেপাশের স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও চট্টগ্রাম মেইল আটকা পড়ে। পরে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়। রেলের প্রকৌশল বিভাগ ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করলে সাড়ে নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
দীর্ঘদিন প্রয়োজনীয় রক্ষণাবক্ষণ না করায় বৃষ্টিতে রেল লাইনের মাটি নরম হয়ে রেল লাইনের পাথর সরে যায়। অনেক স্থানের স্লিপার ভেঙে গেছে। এ কারণে রেল লাইন দেবে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রেলের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।