নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া নগর, টেকপাড়া ভিটিপাড়া ও পাড়াইন এলাকায় সোমবার ভোরে বজ্রপাতে গ্যাসের রাইজার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় ওইসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুড়াপাড়া এলাকার মনির হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে বজ্রপাতের বেশ কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এ সময় মুড়াপাড়া নগর এলাকার কবির হোসেন, টেকপাড়া এলাকার হযরত আলী এবং পাড়াইন এলাকার নাছির মিয়ার বাড়িতে গ্যাসের রাইজার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুর্হূতের মধ্যেই আগুনের লেলিহান শিখা ২০-২৫ ফুট উচুঁতে উঠে যায়। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা মুড়াপাড়া নগর ও টেকপাড়া ভিটিপাড়ায় গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পাড়াইন এলাকায় স্থানীয়রা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভাতে সক্ষম হয়। গ্যাস সংযোগে নিম্নমানের পাইপ ও রাইজার ব্যবহার করায় বিকট শব্দে রাইজার বিস্ফোরিত হয়ে আগুণ ধরে গেছে বলে দমকল বাহিনীর কর্মীরা মনে করছেন।
