মসজিদের গায়ের শিলালিপি অনুসারে ১৬৬৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদের মোহাম্মদ খান ছিদ্দিকী (রহ:) নায়েবে উজির জামে মসজিদটি নির্মিত হয়।
মুঘল আমলে নির্মিত আয়তাকার আকৃতির এ মসজিদের ৩টি বড় গম্বুজ রয়েছে, যা স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন। মসজিদের উত্তর পাশে দীঘি, পূর্ব পাশে পুকুর রয়েছে। মসজিদের নামে ৩৬০ দ্রোন জমি বরাদ্দ ছিল। মসজিদে এক সাথে প্রায় ৭শ’ মুসল্লি নামাজ আদায় করতে পারে। মোহাম্মদ খান সম্রাট শাহজাহানের নায়েবে উজির ছিলেন। তিনি তাঁকে মহাস্থানগড় গৌড় রাজ্যের অধিপতি নিযুক্ত করেন। সম্রাট আওরঙ্গজেব মামা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করায় মোহাম্মদ খান অভিমান করে মহাস্থানগড়ের অধিপতি ত্যাগ করে ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন।
মোহাম্মদ খানের পরবর্তী বংশধর সাবেক অধ্যাপক জহুরুল আলম চৌধুরী জানান, মসজিদটি মুঘল আমলের মুসলিম স্থাপত্যের প্রাচীন নিদর্শন। মসজিদটিকে ঘিরে রয়েছে এলাকার ইতিহাস ও ঐতিহ্য।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফিজনূর রহমান জানান, প্রাচীন এ নিদর্শনটি কালের সাক্ষী বহন করে এবং এলাকার ইতিহাস ও ঐতিহ্য লালন করে। মুঘল আমলে নির্মিত এ মসজিদের অপূর্ব স্থাপত্য শৈলী সংরক্ষণে রাখা উচিত।
