চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৭:৩৩
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের প্রেক্ষাপটে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
সোমবার সকালে চট্টগ্রাম আদালত ভবনসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ দেখা যাচ্ছে। পাশাপাশি চেকপোস্টগুলোতেও নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’ বিভিন্ন থানার ওসিসহ সব কর্মকর্তাকে রাস্তায় থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।