তিন মাস পর খুলল নারায়ণগঞ্জ বিএনপির কার্যালয়

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৭:৪৭
 
টানা তিন মাস বন্ধ থাকার পর সোমবার বিকেলে খোলা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের তালা। বিকেল পৌনে চারটায় স্থানীয় বিএনপির নেতারা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকাতে অবস্থিত দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং সেখানে সংক্ষিপ্ত সভা করেন।
 
গত ৫ জানুয়ারির পর থেকে এ কার্যালয়টি বন্ধ ছিল। এর মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকেই এখন কারাগারে।
 
তালা খুলে দেয়ার মূল উদ্যেক্তা ছিলেন সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকু। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, আইনজীবি নেতা জাকির হোসেন, সরকার হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
 

শওকত হাশেম শকু জানান, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জেও কার্যালয় খুলে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। সে কারণেই কার্যালয়টি সিনিয়র নেতাদের নির্দেশনায় আমি খুলে দিয়েছি। কারণ কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে।