পুঁজিবাজারে গত মার্চে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন আগের মাসের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৬৭১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা গত ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০১ কোটি ৪৮ লাখ ৫১ হাজার টাকা বেশি লেনদেন। ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা।
ডিএসইর তথ্যে দেখা গেছে, গত মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৩১৯ কোটি ৬১ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার কিনেছে। ফেব্রুয়ারি মাসে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকা। অর্থাত্ এ সময়ে ক্রয় বেড়েছে ৬৮ কোটি ৭২ লাখ ৪৬ হাজার টাকা। এদিকে মার্চে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রয়ের পরিমাণ ছিল ৩৫১ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার। ফেব্রুয়ারি মাসে বিক্রয়ের পরিমাণ ছিল ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকা। অর্থাত্ মার্চে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রয় বেড়েছে ১৩২ কোটি ৭৬ লাখ ৪ হাজার টাকা।
এদিকে পুঁজিবাজারে টানা চার কর্মদিবস ধরে দরপতন হচ্ছে। সোমবারও কমেছে ডিএসই ও সিএসইর সূচক। তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৫৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১২৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
