আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত পাপ এবং শাপ মোচনের জন্য সন্ত্রাস এবং জামাতকে পরিত্যাগ করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন।
সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এ আহ্বান জানান।
বেগম খালেদা জিয়ার দীর্ঘ তিনমাস দলীয় কার্যালয়ে অবস্থান শেষে তার বাসভবনে ফিরে যাওয়ার প্রেক্ষিতে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাম্যবাদী দলের আহবায়ক হারুন চৌধুরী ও একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
সেনগুপ্ত বলেন, দীর্ঘ ৯৩ দিন বিএনপি-জামাত হরতাল ও অবরোধের নামে যা করেছে তা আন্দোলন হতে পারে না। পাপ মোচন এবং শাপ মোচনের জন্য বেগম খালেদা জিয়াকে সন্ত্রাস ও জামায়াত পরিত্যাগ করতে হবে। তাহলেই কেবল তিনি গণতান্ত্রিক এবং নিয়মাতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে পারবেন।
আসন্ন তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোটার এবং প্রার্থীদের ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। তবে বড় বড় মন্ত্রীদেরও আরো বাক সংযমী হতে হবে। তাহলে দেশে রাজনীতির সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।
