সিলেটের আলোচিত সেই ওসি আতাউর শ্রীঘরে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৯:৩৯
 
 
অবশেষে সিলেট কোতোয়ালী থানার আলোচিত সেই ওসি আতাউর রহমানকে অবশেষে জেলে যেতে হলো। 
 
সোমবার সিলেট মহানগর হাকিম ১ম আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক শাহেদুল করিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
 
গত বছর ১৭ জুলাই আতাউর রহমান সিলেট কোতোয়ালী মডেল থানার ওসির দায়িত্ব পালনকালে সুনামগঞ্জের জেলার ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে সিলেট নগরীর নয়াসড়ক এলাকা থেকে ধরে নিয়ে থানায় নির্যাতন করেন। 
 
এ ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী বাদী হয়ে ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বণিকসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 
 
এ মামলার প্রেক্ষিতে গত বছরের ২৭ জুলাই ওসি আতাউর, ওসি (তদন্ত) শ্যামল বণিক, উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু তাহের, কনস্টেবল অধিরচন্দ্র, রাজিব কান্তি দাস, আজাদুর রহমান ও নাজমুল হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়।এরপর থেকে বরখাস্তকৃত ওসি আতাউর রহমান পলাতক ছিলেন। 
আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মালামাল ক্রোকের নির্দেশ দেন। কিন্তু আতাউর চাকরিতে যোগদানের সময় যে ঠিকানা দিয়েছিলেন জকিগঞ্জের ওই ঠিকানায় গিয়ে পুলিশ তার কোন স্থাবর-অস্থাবর সমপদ খোঁজে পায়নি। 
 
এলাকাবাসী পুলিশকে জানান আতাউর রহমান ও তার পরিবারের লোকজন একসময় ঐ এলাকায় বসবাস করলেও পরে তারা পার্শ্ববর্তী গ্রামে চলে যান। 
 
আসামি পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন এডভোকেট টিপু, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন ও ইশতিয়াক আহমদ চৌধুরী। বাদী পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট আবদুল খালিক।