চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। তাই ওই মামলা থেকে রুবেলকে অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নারী তদন্ত বিভাগ) হালিমা খান। গতকাল সোমবার বিষয়টি জানার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুবেল হোসেন।
গতকাল ঢাকা মেট্রোপলিটন আদালতের সংশ্লিষ্ট জেনারেল রেজিস্ট্রার (জিআর-মিরপুর) সেকশনের মো. জিন্নাহ জানিয়েছেন, “সার্বিক তদন্ত, সাক্ষ্য, ডাক্তারি রিপোর্ট, রাসায়নিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় যে, আসামি রুবেলের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় মর্মে প্রতীয়মান হওয়ায় মিরপুর মডেল থানা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে। পাশাপাশি রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের কাছে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।” তিনি আরও জানিয়েছেন, গত ২৯ মার্চ পুলিশ পরিদর্শক (নারী তদন্ত বিভাগ) হালিমা খান তদন্ত শেষে রুবেলের মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। আগামী ১৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
