‘ভোটার হবো, ভোট দেবো’ এই স্লোগানে শুক্রবার সারাদেশে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস নগরীর শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার মো. এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নুর আলম সিদ্দিক, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. জাফর ইমাম প্রমুখ।
লালমনিরহাট: জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি পালনের তাত্পর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিভিল সার্জন ডা. কাশেম আলী ও ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান।
জয়পুরহাট: জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান। নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম।
মাদারীপুর: জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম প্রমুখ।
শরীয়তপুর: স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোর্ট চত্বরের জেলা সার্ভার স্টেশনের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন অংশগ্র্রহণ করেন। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।
কিশোরগঞ্জ: জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
চাঁদপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যাদের বয়স ১৮ হয়েছে, তাদেরকে ভোটার হওয়া, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। কারণ একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই আগামীর গণতান্ত্রিক পথ চলা খুঁজে নেবেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।
নেত্রকোনা: নেত্রকোনা পাবলিক হল থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহিসম।
ব্রাহ্মণবাড়িয়া: জেলা নির্বাচন কর্মকর্তার আয়োজনে শহরের কাউতুলি মোড় থেকে র্যালি সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূররে শাহওয়াজ ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর।
ঝিনাইদহ: জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, সদর থানার পরিদর্শক অপারেশন মহাসিন হোসেন, সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসসহ প্রমুখ।
কুড়িগ্রাম: জেলা নির্বাচন কর্মকর্তার আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোহরদী (নরসিংদী): মনোহরদীতে র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি উপজেলা চত্বর হতে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বেতাগী, ভোলার মনপুরা, রাজবাড়ীর বালিয়াকান্দি, ফরিদপুরের ভাঙ্গা, মধুখালী, চরভদ্রাসন ও সদরপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনার কয়রা, রাজশাহীর তানোর, বাঘা ও পুঠিয়া, বগুড়ার, ধুনট, নন্দীগ্রাম, সোনাতলা ও আদমদীঘি, নওগাঁর ধামইরহাট ও রাণীনগর, ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর, টাঙ্গাইলের মির্জাপুর ও নাগরপুর, নীলফামারীর সৈয়দপুর, পঞ্চগড়ের দেবীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ, পাবনার ঈশ্বরদী, বেড়া ও চাটমোহর, মেহেরপুরের গাংনী, দিনাজপুরের কাহারোল ও ঘোড়াঘাট, নরসিংদীর শিবপুর ও পলাশ উপজেলাসহ সারাদেশেই দিবসটি পালিত হয়েছে।
