ঝড় বৃষ্টিতে ঝিনাইদহে এক কৃষকের ৪০ বিঘা জমির ১০ হাজার কলাগাছ ভেঙে গেছে। পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সদর উপজেলার পানামী গ্রামের কৃষক হাফিজুর রহমান।
তিনি জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে নরহরিদ্রা ও বাকড়ী গ্রামের মাঠে বিভিন্ন লোকের কাছ থেকে জমি লিজ নিয়ে ৪০ বিঘা জমিতে কলা চাষ করেছেন। কয়েক দিন পরই কলা বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু বুধবার রাতের ঝড় বৃষ্টিতে ৪০ বিঘা জমির কলাগাছ ভেঙে পড়েছে, ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মধুখালীতে ফসলের ব্যাপক ক্ষতি ভেঙে গেছে কলা ও পেঁপে গাছ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে আকস্মিক ঝড় ও টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমের মুকুল, কলাবাগান, পেঁপে, পেঁয়াজের বীজদানা, গমসহ কয়েকটি ফসলের ক্ষতি সাধন হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বৃষ্টির সাথে দমকা হাওয়ায় উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দাহ এলাকার প্রায় দুই একরের বেশি জমির কলা ও পেঁপে গাছ ভেঙে পড়েছে।
নওপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক মো: জাহিদুল ইসলাম জানান, তিনি প্রায় এক একর কুড়ি শতাংশ এলাকায় কৃষি ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে কলা ও পেঁপের চাষ করেন। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বাতাসে তার আট শতাধিক কলাগাছ এবং বেশ কিছু পেঁপে গাছ ভেঙে যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হুমায়ন কবির জানান, কয়েকদিনের বৃষ্টিতে নওপাড়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ডিপার্টমেন্টাল সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
