রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের আন্দারঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তি সড়কের ওপর পড়ে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহতের গায়ে শার্ট ও পরনে লুঙ্গি পরা এবং মুখে দাড়ি আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
