নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ঘটনার পর গ্রেপ্তারকৃত ইউসুফ আলী শোভনসহ আরো একজন শিবির কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, আগুনে পুড়ে যাওয়া আনন্দ বাসের চালক মোহাম্মদ সানি বাদী হয়ে মামলাটি করেছেন।
প্রসঙ্গত, সোমবার বিকেল ৪টার দিকে শহরের ডনচেম্বার এলাকার সামনে নবাব সলিমুল্লাহ সড়কে মিছিল বের করে ৩০-৩৫ জন শিবিরকর্মী। এক পর্যায়ে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা নিউ আনন্দ পরিবহনের একটি বাস (নারায়ণগঞ্জ ব ১১১-০০৪৪) থামিয়ে তাতে পেট্রোল বোমা ছুড়ে শিবির কর্মীরা। ওই সময়ে যাত্রীরা দ্রুত লাফিয়ে বাস থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
