চাকরি স্থায়ীকরণের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ন্যাশনাল সার্ভিস কর্মীরা। দেওয়ানগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মীদের উদ্যোগে উপজেলার তারাটিয়া আলহাজ লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ ন্যাশনাল সার্ভিসের কর্মী শাহ আলম, নজরুল ইসলাম, ইকরামুল হক, আতাউর রহমান, ফারহান আক্তার, এমি আক্তার। বক্তারা অবিলম্বে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধন শেষে ন্যাশনাল সার্ভিস কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আলহাজ লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে তারাটিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
