মার্চে মূল্যস্ফীতি ৬ দশমিক ২৭ শতাংশ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৮:১৬
 
দুই মাস ধরেই অব্যাহতভাবে বাড়ছে জীবন যাত্রার ব্যয়। ফেব্রুয়ারি মাসের ধারাবাহিকতায় মূল্যস্ফীতি বেড়েছে মার্চ মাসেও। মার্চ মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। ফেব্রুয়ারিতে এর হার ছিল ৬ দশমিক ১৪ শতাংশ। জানুয়ারিতে ছিলো ৬ দশমিক শুন্য ৪ শতাংশ।
 
মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রতিবেদটি প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় জানানো হয়, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৬ দশমিক ২৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত অন্যান্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। খাদ্যপণ্যে বাড়লেও মার্চ মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমেছে।
 
মূলত বিএনপি জোটের টানা অবরোধ ও বিচ্ছিন্ন হরতালের কারণে মূল্যস্ফীতি বেড়েছে বলে দাবি করেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতায় পরিবহন ব্যবস্থা কিছুটা ব্যহত হয়েছে। এর ফলে পরিবহন খরচ বেড়েছে। এরই ধারবাহিকতায় বেড়েছে মূল্যস্ফীতিও।
 
পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, অর্থবছরের প্রথম আট মাস ধরে মূল্যস্ফীতি নিম্মমুখী ছিল। মার্চ মাসে খাদ্য মূলস্ফীতি হয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। ফেব্রুয়ারিতে এর হার ছিল ৬ দশমিক ১১ শতাংশ। মার্চ মাসে মাছ, মাংস, শাক-সবজি, ফল দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে বেড়েছে পরিধেয় বস্ত্র, আসবাবপত্র, শিক্ষা উপকরণের দাম। ভ্যয় বেড়েছে বাড়িভাড়া, চিকিত্সা, পরিবহণভাড়ার মতো সেবা খাতেও। এর ফলে মূল্যস্ফীতি বেড়েছে।