ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান পদে লড়বেন নয়জন প্রার্থী। গত বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের কাছ থেকে চেয়ারম্যান পদে নয়জন ও ভাইস চেযারম্যান পদে ১৩ জন প্রার্থী তাদের প্রতীক গ্রহণ করেন। প্রতীক পাওয়ার দিন থেকেই উপজেলার হাট-বাজার ও গ্রাম-গঞ্জে চলছে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ।
শুরুতে এ উপজেলায় চেয়ারম্যান পদে দশজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও একজন প্রার্থী ইলিয়াস বেগ নান্নু গত ২৭ ফেব্রুয়ারি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতীক নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার (নৌকা), উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোতাজ্জেল হোসেন মৃধা (হাঙ্গর) আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা (আনারস), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.জি.এম বাদল আমীন (দোয়াত কলম), জাকের পার্টি থেকে উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ রাজা খা (গোলাপ ফুল), সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার শেখ (কাপ পিরিচ), মোঃ মোশারফ হোসেন (টেলিফোন), মোঃ খবিরউদ্দীন শেখ (মোটরসাইকেল) ও আবুল বাসার (হেলিকপ্টার) প্রতীক।
আগামী ১৮ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ। নয়জন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
