দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে হিলি খেলার মাঠ এলাকায় বিজিবিকে লক্ষ্য করে চোরাকারবারিরা পিস্তল থেকে গুলি ছুঁড়লে জবাবে বিজিবির পাল্টা গুলিতে ওই ভারতীয় ঘটনাস্থলেই নিহত হন। ঘটনায় বিজিবি এক সদস্য আহত হয়েছেন।
নিহত বিটন ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার দক্ষিণ পাড়ার বৈদ্য রায়ের ছেলে।
হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার রেজাউল করিম জানান, বিকেল সোয়া ৫টার দিকে হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেন হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠের কাছাকাছি এলে বাংলাদেশ অংশে ঢুকে ভারতীয় চোরাকারবারিরা ট্রেনে অবৈধ মালামাল তুলতে থাকে। এসময় বাধা দেয়ায় ভারতীয় চোরাকারবারি বিটন বিজিবিকে লক্ষ্য করে রিভলভার দিয়ে গুলি করে। এতে হিলি বিওপির বিজিবি সদস্য রাসেল (২১) আহত হয়। এসময় আত্মরক্ষার্থে টহলরত বিজিবি সদস্যরা গুলি করলে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
এই ঘটনায় বিএসএফ ১৫-২০ রাউন্ড গুলি করলে বিজিবিও ১৫-২০ রাউন্ড গুলি ছুঁড়ে পাল্টা জবাব দেয়। গুলি বিনিময়ের পর হিলি সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। জেলার পুলিশ সুপার রুহুল আমীন ভারতীয় চোরাকারবারি বিটনের নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।
