প্রতিবাদী নারীর গল্প আয়না বিবির পালা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২২:৪১

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় প্রাঙ্গণেমোর-এর নাটক কনডেমড সেল মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এগিয়েছে এ নাটকের কাহিনী। ‘কনডেমড সেল’ প্রাঙ্গণেমোর নাট্যদলের ১০ম প্রযোজনা। নাটকটিতে অভিনয় করেছেন— আউয়াল রেজা, অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ, সুজয় ও প্রকৃতিসহ আরো অনেকে।

প্রতিবাদী নারীর গল্প ‘আয়না বিবির পালা’: পুরুষশাসিত সমাজে নারীর পথচলা প্রতিকূলতায় ভরা। এর মাঝে প্রতিবাদী হয়ে ওঠে কেউ কেউ। লোকসাহিত্য সংকলন ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত নাটক ‘আয়না বিবির পালা’য় উঠে এসেছে প্রতিবাদী নারীর কথা। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি। নাট্যদল নাট্যধারার এ নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রবিউল আলম।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীমা আক্তার মুক্তা, লিটু সাখাওয়াত, সাগর আহমেদ রুবেল, শামসুন্নাহার বিউটি, সব্যসাচী চঞ্চল, রহিসুল ইসলাম তমাল, রোকনুজ্জামান শ্রাবণ, দুখু সুমন প্রমুখ। নাটকটির সংগীত পরিচালনা করেছেন সব্যসাচী চঞ্চল। পোশাক পরিকল্পনা করেছেন শামীমা আক্তার মুক্তা। আলোক পরিকল্পনা করেছেন শাহাবুদ্দিন ও তানজিল আহমেদ।

রাধারমণ সংগীত উত্সব শুরু বৃহস্পতিবার :আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের রাধারমণ সংগীত উত্সব। শিল্পকলা একাডেমির উন্মুক্ত আঙিনায় বিকাল পাঁচটায় প্রধান অতিথি হিসেবে উত্সব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উদ্বোধনী দিনে থাকবে শ্রীহট্টের আঞ্চলিক গান ও রাধারমণ সংগীতের প্রবীণ শিল্পী হিমাংশু বিশ্বাসের পরিবেশনা। অনুষ্ঠানে দুই প্রবীণ শিল্পী শাহ মোঃ ছুরত মিয়া ও হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হবে। অষ্টমবারের মতো এ আয়োজন সংস্কৃতি মন্ত্রণালয়, সোনালী ব্যাংক লিঃ ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সৌজন্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র যৌথভাবে উদযাপন করছে।

তিন দিনে অনুষ্ঠানে বাউল, কীর্তন, দেহতত্ত্ব, ধামাইল ও ভাটিয়ালী গান পরিবেশিত হবে। ঢাকা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, নবীগঞ্জ ও জগন্নাথপুরের শিল্পীরা অংশ নেবে।