মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৭

পাকশী ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভায় মুক্তিযোদ্ধা সেলিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাকশীর চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত এই সভায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে রাতের আঁধারে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয়। হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আরো তত্পর হওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সভায় পাকশী ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও নারী সদস্য ছাড়াও সদস্য সচিব মিজানুর রহমান খোকন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম নিজ বাড়ির গেটের সামনে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন।