হবিগঞ্জ সদর উপজেলায় মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিনজন। বুধবার সকাল নয়টার দিকে উমেদনগর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (২), একই গ্রামের ইমতিয়াজ উল্লার ছেলে লাল মিয়া (৬৫), রামগঞ্জ গ্রামের আব্দুল মন্নানের ছেলে কলিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার চরগাও গ্রামের উমর আলীর স্ত্রী রহিমা খাতুন (৩৫)।
জানা গেছে, বালিখাল থেকে হবিগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে উমেদনগর এলাকায় ইজিবাইকটির সঙ্গে নবীগঞ্জগামী একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন ও ছয়জন আহন হন । আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যান।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
