টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও গুলিসহ আটক ২

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৫:৪৪
 
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা ও ১৮ রাউন্ড পিস্তলের গুলিসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হচ্ছে- মিয়ানমার নাগরিক রোহিঙ্গা নুরুল ইসলামের ছেলে ছৈয়দ হোসেন (২৮) ও টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলে নুর আহমদের ছেলে হোছন আহমদ ওরফে ভুলু (৩৫)।
 
পুলিশ সূত্র জানায়, ইয়াবার চালানের খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল পর্যটন সড়কের একটি কালভার্টের নিচে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পর সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগান দিয়ে চার থেক পাঁচজন সহেন্দভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের থামতে সংকেতদ দেয়া হয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করে দুইটি ফাঁকা গুলি করা হয়। পরে আহত অবস্থায় হোছন আহমদ ও ছৈয়দ হোসেনকে আটক করা হয়। পরে ঐ এলাকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি, ১৮ রাউন্ড পিস্তলের গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, ইয়াবার চালানটি নিয়ে পাচারকারিরা সড়কে উঠে আসার সময় সংকেত দিলে অপর একজন পাচারকারী হোছন আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এবং পুলিশের অভিযানে বাধা দানের পাশাপাশি ইয়াবা পাচারকারীদের পালিয়ে যেতে সহায়তা দেন। পরে আহত হোছন আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা শেষে তার অবস্থা অবনতি দেখে পুলিশ হেফাজতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।