লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৫:৪৩
 
 
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গনেশ্যামপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে হানিফ উদ্দিন মমা নামে একজন নিহত হয়েছেন। নিহত মমা একই উপজেলার গনেশ্যামপুর গ্রামের সালামত আলীর ছেলে।
 
মঙ্গলবার রাতের এ ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, গনেশ্যামপুর এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে জসিম উদ্দিন ও হানিফ উদ্দিন মমা বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে বাহিনী প্রধান হানিফ উদ্দিন মমা নিহত ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।
 
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত হানিফ মমা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে একাধিক মামলা রয়েছে। অন্য সন্ত্রাসীদের  গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।