কেবল স্মার্টফোন বা ট্যাবলেট পিসিই নয়, এখন ক্যামেরাতেও সেলফি তুলতে বেশ ভালো সময় পার করছে ব্যবহারকারীরা। আর সে কারণেই ক্যামেরা নির্মাতারাও এখন সেলফি স্টিকের দিকে ঝুঁকে পড়েছেন। এরই ধারাবাহিকতায় এবারে নতুন সেলফি স্টিক নিয়ে আসতে যাচ্ছে ক্যামেরা নির্মাতা বিখ্যাত প্রতিষ্ঠান নাইকন।
এন-এমপি০০১ মডেলের এই সেলফি স্টিকগুলো নাইকনের কুলপিক্স সিরিজের সব কম্প্যাক্ট ক্যামেরার সাথেই ব্যবহার করা যাবে। জাপানি ক্যামেরা নির্মাতা নাইকন জানিয়েছে, তাদের নতুন এই সেলফি স্টিকগুলো দৈর্ঘ্যে ৭.২৮ ইঞ্চি থেকে ২৮.৫৪ ইঞ্চি পর্যন্ত হতে পারে।
সহজে ব্যবহার করা এবং বহন করার জন্য এতে বিশেষ ধরনের ফোম গ্রিপ এবং হ্যান্ড স্ট্র্যাপও রয়েছে। ক্যামেরার জন্য তৈরি বলে এতে অবশ্য ট্রিগার ব্যবহার করা হয়নি; সেলফ-টাইমার ব্যবহার করেই ছবি তুলতে হবে এতে।
