শেরপুরের বাজিতখিলা এলাকার নিজ গ্রামে প্রতিষ্ঠিত এতিমখানার পাশে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের লাশ দাফনের প্রস্তুতি চলছে। গতকাল বুধবার বিকালে বাজিতখিলা মুদিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, এতিমখানার পশ্চিম পাশের রাস্তা সংলগ্ন স্থানে একটি ধানক্ষেতের কাঁচা ধান কেটে সেখানে ট্রাকে করে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। স্থানীয় উত্সুক লোকজন সেখানে ভিড় করে আছে। কামারুজ্জামানের ছোট ভাই মো. কফিল উদ্দিন ও পরিবারের লোকজন সেখানে উপস্থিত থেকে দাফনের জন্য কবরস্থান তৈরি করার কাজ তদারক করছেন।
অপরদিকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তার লাশ শেরপুরে দাফন না করার দাবিতে মঙ্গলবার শেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। জেলার মুক্তিযোদ্ধারা তার লাশ শেরপুরে যাতে না ঢুকতে পারে সেজন্য জেলার বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন।
