জরাজীর্ণ ভবন, অফিসারদের বসার কক্ষ সংকট, আবাসিক কোয়ার্টারের স্বল্পতা, মালামাল রাখার ঘর, জলাবদ্ধতা, মহিলা হাজতি রাখার ঘর এবং শৌচাগারের অব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত বাঘা থানা। বাঘা থানার ওসি মহাসীন আলী জানান, বর্তমানে রাজশাহী জেলায় যতগুলো থানা রয়েছে তার মধ্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে রয়েছে এই থানায়। অথচ সুযোগ-সুবিধার দিক থেকে সবচেয়ে বাজে অবস্থা থানার। এখানে ওসির বাইরে ২৩ জন কর্মকর্তা রয়েছে। অথচ তাদের বসার জন্য রয়েছে একটিমাত্র ঘর। যেখানে ছয়-সাতজনের বেশি বসা যায় না। এছাড়াও এখানে আবাসিক কোয়ার্টারের স্বল্পতা দীর্ঘদিনের, মালামাল রাখার জন্য বড় কোনো ঘর নেই। ফলে রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে অনেক সম্পদ। বর্ষার সময় রয়েছে জলাবদ্ধতা সমস্যা, মহিলা হাজতি রাখার ঘর নেই। এছাড়াও শৌচাগারের অব্যবস্থাপনাসহ নানা সমস্যা রয়েছে এই থানায়।
সার্বিক বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লা (পি.পি.এম) বলেন, বর্তমানে প্রয়োজনের গুরুত্ব বুঝে দেশের বিভিন্ন স্থানে নতুন করে বহুতল থানা ভবন নির্মাণ করা হচ্ছে। এদিক থেকে বাঘাসহ রাজশাহীর কয়েকটি থানাকে তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
