নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন করবেন নাসির

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ০২:৪৬

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনে গতকাল বুধবার নগরীর চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। গণসংযোগকালে বিভিন্ন এলাকার মানুষ তাদের সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। তিনি এসব কথা শুনে নির্বাচনে বিজয়ী হলে জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে নিরসন করা হবে বলে তাদের আশ্বাস দেন। আ জ ম নাছির উদ্দিন বলেন, জলাবদ্ধতা এই নগরের প্রধান সমস্যা, মানুষ এই সমস্যা থেকে মুক্তি চায়। আগে থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে জলাবদ্ধতা সমস্যা নিরসন সম্ভব হতো। কিন্তু বিগত প্রশাসনের ব্যর্থতায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এর আগে গতকাল সকাল ৯টায় আ জ ম নাছির উদ্দিন আন্দরকিল্লার বাসায় মাকে পা ছুঁয়ে সালাম  করে ঘর থেকে বের হন। এরপর তিনি কদমমোবারক জামে মসজিদ কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। সেখান থেকে হযরত শাহ আমানত শাহ (রা.) মাজার জিয়ারত করেন। তারপর মাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় তার সাথে নগর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সেখান থেকে চাক্তাইয়ের মান্নান টাওয়ারের সামনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সভায় বক্তব্য দেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান হেলাল মোরশেদ বীরপ্রতীক। প্রধান বক্তা ছিলেন সংসদের মহাসচিব এমদাদ হোসেন মতিন।
এর সময় আ জ ম নাছির উদ্দিন চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জ এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ আ জ ম নাছির উদ্দিনকে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে তিনি খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

গণসংযোগকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, নগর কমিটির সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, শ্রমিকনেতা সফর আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন।