মেহেরপুরে গ্রামবাসীর গণপিটুনিতে তিন 'ডাকাত' নিহত হয়েছে। বুধবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন- সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক হোসেন (৩৬), একই গ্রামের নাজির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০)। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বুধবার রাত সাড়ে ১২টার সময় সদর উপজেলার রাজাপুর গ্রামে ১০/১২ জনের এক দল ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাত দল রাজাপুর মাঠে শশার ক্ষেত পাহারাদার কে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। পরে ঐ পাহারাদার গ্রামে এসে গ্রামবাসীকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে ডাকাত দল গ্রামবাসীকে লক্ষ্য করে ৫টি বোমার বিস্ফোরন ঘটায়। এসময় গ্রামবাসী তাদের ধাওয়া করে মাঠের ভিতর থেকে তিন ডাকাতকে ধরে গণপিটুনি শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে তিন ডাকাত কে উদ্ধার করলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসার পথে মৃত্যু হয় আরও দুই ডাকাতের।
