সুন্দরবনে এপর্যন্ত কোস্টগার্ডের অভিযানে প্রায় ২০ কোটি টাকার নিষিদ্ধ পারসে মাছের পোনা জব্দের পর নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময়ে ২৪টি নৌকাসহ ঘটনার সাথে জড়িত ১৭৬ জনকে আটক করা হয়। এছাড়া উপজেলা মত্স্য অধিদপ্তরও ৭৪ লাখ টাকার পোনা জব্দ করে অবমুক্ত করেছে। সুন্দরবন পূর্ব ও পশ্চিম বনবিভাগের আলোর কোল, দুবলার চর, বঙ্গবন্ধু চরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পারসের পোনা জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মত্স্য অফিসার জয়দেব পাল বলেন, উপকূলীয় মত্স্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযানের সময়ে তিনি প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের পারসের পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করেছেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. মো. বায়েজিদ হোসেন বলেন, এ পর্যন্ত কোস্টগার্ডের অভিযানে ৯ কোটি ৯৬ লাখ পারসের পোনা (যার মূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা) জব্দের পর নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময়ে ২৪টি নৌকাসহ ঘটনার সাথে জড়িত ১৭৬ জনকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল কোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে পারসের পোনা নিধন রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বশিরুল আল মামুন বলেন, পারসের পোনা নিধন বন্ধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
