ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৫২

বিভিন্ন দাবিতে ছাত্র আন্দোলনের মুখে অচল ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  শুক্রবার সকাল ১১টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, এ কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাকাল্টিভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করলেও দাবি বাস্তবায়ন করেনি। এর প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন করে আন্দোলন শুরু করে। তারা মূল দাবির সঙ্গে শিক্ষক নিয়োগসহ আরো কয়েকটি দাবি যুক্ত করে। কলেজ প্রশাসনকে অচল করে প্রধান গেট ও অফিসে অফিসে তালা লাগিয়ে দেয়। ছাত্রদের মধ্যে  মারামারিতে আহতের ঘটনাও ঘটে।  এক পর্যায়ে কলেজটি অচল করে দেয় শিক্ষার্থীরা।  এ কারণে কর্তৃপক্ষ  গতকাল সকালে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।  গতকাল সকালেই ছাত্র-ছাত্রীরা হল ত্যাগ করে।

কলেজ অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ জানান, ছাত্রদের আন্দোলন সহিংস হয়ে উঠে। তারা কলেজে অফিস, ক্লাসরুম, প্রধান গেট, ল্যাবরেটরিতে তালা ঝুলিয়ে দেয়। এমনকি শিক্ষকদের বাসা ছাড়ারও হুমকি দেয়।  ফলে কলেজটি অচল হয়ে পড়ে। এমতাবস্থায় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে কলেজ বন্ধ ঘোষণা করা হয়।