চিলমারীতে ইউনিয়ন আওয়ামী
লীগের বিশেষ বর্ধিত সভা
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগ, থানাহাট ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলার থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে চিলমারী মহিলা ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. ফজলুল হক মনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু প্রমুখ
বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর আঞ্চলিক
শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সম্মেলনে কোটালীপাড়ার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদারকে সভাপতি ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কোটালীপাড়া উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আযাদ আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।
নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
নাটোর প্রতিনিধি নিহত পুলিশ সদস্যদের স্মরণে ৩য় বারের মতো নাটোরে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে জেলা পুলিশের উদ্যোগে একটি র্যালি শুরু হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান প্রমুখ। পরে কর্তব্যরত অবস্থায় নাটোর জেলার মৃত্যুবরণকারী নয় পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বদলগাছীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ-৩ আসনের এমপি মো. ছলিম উদ্দিন তরফদার (সেলিম) নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আবু খালেদ বুলুর পক্ষে বিভিন্ন স্থানে জনসভা ও পথসভায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সরকারের গুরুত্বপৃর্ণ ব্যক্তি হিসাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন উল্লেখপূর্বক স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. ছামসুল আলম খান শুক্রবার সহকারী রিটার্নিং অফিসার বদলগাছী নওগাঁর কাছে লিখিত অভিযোগ করেন। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার মো. শফিউদ্দীন শেখ বলেন, সংসদ সদস্যকে নির্বাচনে প্রচারণা না করার জন্য বলা হয়েছে।
ঝিনাইদহে পুলিশ মোমোরিয়াল ডে পালিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঝিনাইদহে পুলিশ মোমোরিয়াল ডে পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত তোরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সে সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সময় ঝিনাইদহ জেলায় দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্বজনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
পিআইবির মহাপরিচালকের মৃত্যুতে
মোংলা প্রেসক্লাবের শোকসভা
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহ আলমগীরের মৃত্যুতে মোংলা প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে ক্লাব মিলনায়তনে এ শোকসভায় সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান গাজী প্রমুখ। শোকসভার শুরুতেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া হয়।
নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে অধিবেশন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে বৃহস্পতিবার শিশু অধিকার বাস্তবায়ন শীর্ষক অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সলিডারিটির সহায়তায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এস. এম. আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নির্মলেন্দু রায় প্রমুখ।
বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামে বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী। হয় বউ হয়ে, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির শ্মশানে যাবেন বলে জানিয়েছেন তিনি। সরেজমিনে জানা গেছে, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈর (২৫) প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন সটকে পড়েন। কোনো উপায়ন্ত না দেখে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত এই ছাত্রী জানান, আমাকে যদি রথীন বিয়ে না করে তাহলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো। তিনি বলেন, রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছেন। রথীনের মা কানন বাড়ৈ বলেন, রথীন ও এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দু’মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।
জাল টাকা ও ইয়াবাসহ আটক দুই
জামালপুর প্রতিনিধি বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর বিজিবি’র ৩৫ ব্যাটালিয়ন সদস্যরা কুড়িগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে জাল টাকা ও ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলো: মোঃ সাইদুর রহমান এবং মোঃ মনছের আলী। গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরগয়টা পাড়া এলাকার ১০৫৩নং সীমান্তবর্তী পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ন লেফটেন্যান্ট কর্নেল মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপির টহল দল কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরগয়টা পাড়ায় অভিযান চালিয়ে ওই দুজন পাচারকারীকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা ৯০টি একহাজার টাকার নোট, চার পিস ইয়াবা, দুটি মোবাইল সেট ও বাংলাদেশি ৭৬২ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
