মোবাইল ডিভাইসের ব্যাটারি নিয়ে গবেষণার যেন শেষ নেই। কীভাবে আরও দ্রুত এসব ডিভাইস চার্জ দেওয়া যায়, তার জন্য নতুন নতুন প্রোটোটাইপও হরদম তৈরি হচ্ছে। তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানাচ্ছেন, ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে অ্যালুমিনিয়াম-আয়নে তৈরি ব্যাটারি। প্রযুক্তি পণ্যগুলোতে মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হলেও অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি এক্ষেত্রে আরও বেশি কার্যকারী হয়ে উঠবে বলেই মন্তব্য তাদের। অ্যালুমিনিয়াম-আয়নের ব্যাটারি একদিকে যেমন অত্যন্ত দ্রুত চার্জ করতে সহায়তা করবে, তেমনি এটি অনেক বেশি বার চার্জ দিতে পারবে। অগ্নিসংযোগের মতো ঘটনার জন্যও নমনীয় এই ব্যাটারি বেশি নিরাপদ হবে বলে জানিয়েছেন তারা।
