নির্বিষ বোলিংয়ে ধুঁকছে বাংলাদেশ

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৫৩

তামিম ইকবাল ছাড়া পুরো ব্যাটিং লাইনে আর কেউ আশার প্রদীপ জ্বালাতে পারেননি। বোলিংয়েও মিলল না কোনো স্বস্তির ছবি। হ্যামিল্টনের সেডন পার্কে গতকাল বল হাতে ক্লান্তিকর এক দিন কাটালো বাংলাদেশ দল। দিনভর নির্বিষ বোলিংয়ে হতাশার পারদ কয়েক স্তর বাড়িয়েছেন বোলাররা। মূল অস্ত্র তিন পেসারের বোলিংয়ে ছিল না ধার, ছিল না গতি। একমাত্র স্বীকৃত স্পিনার মেহেদী হাসান মিরাজ ধরা দিয়েছেন অগোছালো ও উদারহস্ত বোলার হিসেবে।

প্রায় চার সেশন বাংলাদেশের ছন্দহীন বোলিংয়ের সুযোগটা সর্বোচ্চ ব্যবহার করেছে নিউজিল্যান্ড। গোটা দিনে চার উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ। হ্যামিল্টনে দুই ওপেনারের সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়ার অপেক্ষায় স্বাগতিকরা। প্রথম ইনিংসেই বাংলাদেশকে বড় রানে চাপা দিচ্ছে নিউজিল্যান্ড। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ চার উইকেটে ৪৫১ রান। ইতোমধ্যেই ২১৭ রানে এগিয়ে গেছে ব্ল্যাক ক্যাপসরা। কেন উইলিয়ামসন ৯৩, নাইটওয়াচম্যান নেইল ওয়াগনার ১ রানে অপরাজিত আছেন। 

আগের দিনের বিনা উইকেটে ৮৬ রান নিয়ে খেলতে নেমে গতকাল চার উইকেট হারিয়ে ৩৬৫ রান যোগ করেছে নিউজিল্যান্ড। গতকাল প্রথম সেশনেও দুই কিউই ওপেনারকে টলাতে পারেনি বাংলাদেশের বোলাররা। লাঞ্চের আগেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন জিত রাভাল। কোনো উইকেট না হারিয়ে ১৯৭ রান তুলে লাঞ্চে যায় স্বাগতিকরা। লাঞ্চের পর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়ে যান টম ল্যাথাম। শেষ পর্যন্ত রাভাল-ল্যাথামের ওপেনিং জুটিতে ফাটল ধরাতে পেরেছেন মাহমুদউল্লাহ। ২৫৪ রানে ভাঙে ওপেনিং জুটি।

বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের পক্ষে এটিই সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। এর আগে সেরা ছিল ২০০১ সালে ওয়েলিংটনে ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের ১০৪ রান। একই এটি নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।

ইনিংসের ৭০তম ওভারে খালেদের হাতে ক্যাচ দেন রাভাল। ২২০ বলে ১৩২ রান (১৯ চার, ১ ছয়) করেন তিনি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন ল্যাথাম। চা বিরতির আগেই দেড়শ পার হন তিনি। এবাদত, রাহী, খালেদদের অকার্যকর বোলিংয়ের দিনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কিছুটা পরীক্ষায় ফেলেছিলেন সৌম্য। নতুন বল নেয়ার পরই ডানহাতি এই মিডিয়াম পেসার ফেরান ল্যাথামকে। প্রথম দিনে ইনিংসের দ্বিতীয় বলেই ল্যাথামের ক্যাচ ফেলেছিলেন সৌম্য। সেই ক্যাচ ফেলার চরম মূল্যই দিয়েছে বাংলাদেশ। ২৪৮ বলে ১৬১ রানের (১৭ চার, ৩ ছয়) ইনিংস খেলেন ল্যাথাম।

উইকেটে থিতু হতে পারেননি রস টেইলর (৪)। সৌম্যর দ্বিতীয় শিকার হয়ে ফিরেন তিনি। চতুর্থ উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে ১০০ রানের জুটি গড়েন উইলিয়ামসন। দিনের খেলা শেষ হওয়ার এক ওভার আগে নিকোলসকে বোল্ড করেন মিরাজ। তিনি ৫৩ রান করেন। পরে আর বিপদ হতে দেননি উইলিয়ামসন ও ওয়াগনার। বাংলাদেশের পক্ষে সৌম্য দুটি, মিরাজ- মাহমুদউল্লাহ একটি করে উইকেট পান। তিন পেসার মিলে ৬৬ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন।

ইনিংসে নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি থেকে সাত রান দূরে উইলিয়ামসন। নিশ্চিতভাবেই রানের শৃঙ্গে চড়তে যাচ্ছে নিউজিল্যান্ড। আর স্বাগতিকদের প্রথম ইনিংসের স্কোরটা যত বড় হবে ততই চাপ বাড়বে বাংলাদেশের উপর। মাহমুদউল্লাহদের অপেক্ষা এখন নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষের।

স্কো  র   কা  র্ড

(দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৯.২ ওভারে ২৩৪

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১১৮ ওভারে ৪৫১/৪

ব্যাটসম্যান                                 রান   বল   চার  ছয়

রাভাল ক খালেদ ব মাহমুদউল্লাহ                   ১৩২   ২২০   ১৯    ১

লাথাম ক মিথুন ব সৌম্য                             ১৬১   ২৪৮   ১৭    ৩

উইলিয়ামসন অপরাজিত                             ৯৩     ১৩২   ৯      ০

রস টেইলর এলবিডব্লিউ ব সৌম্য                  ৪       ১৯    ০      ০

হেনরি নিকোলস বোল্ড ব মিরাজ                   ৫৩     ৮১     ৭      ০

নিল ওয়াগনার অপরাজিত                           ১       ৯       ০      ০

অতিরিক্ত (লে বা- ৫, নো-১, ও-১)               ৭

মোট (৪ উইকেট, ১১৮ ওভার)                              ৪৫১

বাংলাদেশ বোলিং:

রাহী: ২৩-৪-৬৫-০, এবাদত: ২১-৪-৭৭-০, খালেদ: ২২-৬-৮৪-০, সৌম্য: ১৯-১-৫৭-২, মিরাজ: ৩১-২-১৪৯-১, মাহমুদ উল্লাহ: ১-০-৩-১, মুমিনুল: ১-০-১১-০।