বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শহিদুল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মী। নিহত শহিদুল ইসলাম সদরের ফুলবাড়ি মোখলেসপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার অবহেলার কারণে শহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহিদুল সম্প্রতি বগুড়া বিদ্যুৎ বিভাগে লাইন সাহায্যকারী হিসেবে যোগদান করেছিলেন। তার দায়িত্ব ছিল বিদ্যুৎ লাইন মেরামতের কাজে মই আনা নেয়া এবং কর্মকর্তাদের সাহায্য করা। কারিগরি দক্ষতা না থাকার পরও ১১ হাজার ভোল্টের লাইন মেরামত করাতে ওঠার পরই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের জন্য বৃহস্পতিবার দুপুরে উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ার, শহিদুল ও অপর এক কর্মকর্তা ফুলবাড়ি সাবস্টেশনে যান। সেখানে লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটির ওপর ওঠার পর বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল।
এসময় স্থানীয় জনগণ উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ারকে ঘটনার জন্য দায়ী করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
বগুড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ বগুড়া মেডিকেলে নেয়া হলেও তার পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ নেয়ার আবেদন করায় ময়না তদন্ত হয়নি।
