বিদ্যুত্ বিভাগের কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে শহিদুল ইসলাম (৩০) নামে এক বিদ্যুত্কর্মী প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় ১১ হাজার কেভি ভোল্টের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনায় ওই সাবস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিহত শহিদুল ইসলাম সদরের ফুলবাড়ী মোখলেসপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, শহিদুল সমপ্রতি বগুড়া বিদ্যুত্ বিভাগে লাইন সাহায্যকারী হিসেবে যোগদান করেছিলেন। তার দায়িত্ব ছিল বিদ্যুত্ মেরামতের কাজে মই আনা নেয়া এবং কর্মকর্তাদের সাহায্য করা। কারিগরি (টেকনিক্যাল) কোন ধারণা না থাকা সত্ত্বেও ঝড়ে ক্ষতিগ্রস্ত ১১ হাজার ভোল্টের লাইনে তাকে তুলে দেয়া হয় সংযোগ পুনঃস্থাপনের জন্য। ফলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
