ছেলে বিদেশে আর দেশে অসহায়, বৃদ্ধ প্রতিবন্ধী পিতার সংসার চলে ভিক্ষা করে

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ০১:১৫

ছেলে মালয়েশিয়ায় প্রবাসী আর দেশে অশীতিপর বৃদ্ধ প্রতিবন্ধী পিতার সংসার চলছে ভিক্ষা করে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মালিথাপাড়ার অশীতিপর বৃদ্ধ প্রতিবন্ধী কাইয়ূম আলী মন্ডল (৮০)র জীবনে এটাই নিষ্টুর বাস্তবতা। ২ মেয়ে ১ ছেলের জনক কাইয়ূম মন্ডল। সবার ছোট ছেলে কামিরুল (৩০)। কামিরুল প্রায় ১০ বছর ধরে শ্রমিক ভিসায় মালয়েশিয়া রয়েছেন। আর্থিকভাবেও তিনি বেশ সচ্ছল। তা সত্বেও দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ বাবা ও শ্রবণ প্রতিবন্ধি বৃদ্ধা মায়ের কোন খোঁজ রাখেন না তিনি। ফলে দুবেলা দুমুঠো ভাতের জন্য হতদরিদ্র বৃদ্ধ, দৃষ্টি প্রতিবন্ধী পিতাকে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। আর পিতার ভিক্ষাবৃত্তির আয়ে প্রত্যহ আহার্যের সংস্থান হয় বৃদ্ধা শ্রবণ প্রতিবন্ধী মায়ের। অন্যদিকে নিদারুন কষ্টের জীবনতরী বয়ে চলা ওই দুই প্রতিবন্ধীর ভাগ্যে আজো জোটেনি রাষ্ট্রীয় কোন বয়স্ক ভাতার কার্ড।