বিশ্বকাপে চোখ রেখে আজ থেকে ওয়ানডে সিরিজে মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা ভুলে আজ নতুন করে শুরু করতে মরিয়া ভারত। সিরিজটিকে দু’দলই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের আরও একবার ঝালিয়ে নিতে মরিয়া ভারত ও অস্ট্রেলিয়া। হায়দারাবাদে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে দুপুর ২টায়।
গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত নৈপুণ্যের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত। এই সিরিজ জয়কে ওয়ানডে ফরম্যাটে ভালো করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তবে এই ওয়ানডে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন তিনি, ‘টি-২০ সিরিজে আমরা দারুণ খেলেছি। ভারতের মাটিতে এভাবে সিরিজ জয় সত্যিই প্রশংসনীয়। এই সিরিজ জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। ওয়ানডেতে ভালো করতে এই আত্মবিশ্বাস কাজে দেবে। তবে এই সিরিজটি আমাদের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হবে। এখানে আমরা বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করবো। এরমধ্যেও সিরিজ জয়ই হবে আমাদের প্রধান লক্ষ্য। তবে সিরিজটি বেশ কঠিন হবে। ভারত ওয়ানডেতে অনেক বেশি শক্তিশালী দল। ওয়ানডেতে তাদের বিপক্ষে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে হবে ছেলেদের।’
টি-টোয়েন্টি সিরিজ হেরে হতাশ ভারত। তবে ওয়ানডে নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়। কেননা ৫০ ওভার ফর্মেটে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। গেল বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ জয়ের পর টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে ভারত। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে এবং বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে ভারত। তাই দুর্দান্ত ফর্মকে কাজে লাগিয়ে আরও একটি সিরিজ পকেটে নিতে চায় বিরাট কোহলির দল। বিশ্বকাপের আগে সিরিজ জিতে নিজেদের শতভাগ চাঙ্গা রাখতে মরিয়া ভারত।
এমনটাই বললেন, ভারতের কোচ রবি শাস্ত্রী, ‘হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। তবে এটি ঠিক, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। কিন্তু আমাদের আসল পরীক্ষা ওয়ানডেতে। কারণ এই ফরম্যাটে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলছি। এ ছাড়া, সামনে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করতে হলে সেরা ফর্ম ধরে রাখতে হবে এবং জয়ের মধ্যে থাকতে হবে। এই সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের দলও চূড়ান্ত করা হবে। এছাড়া খেলোয়াড়দের আরও একবার ভালো করে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ছোট ছোট সমস্যাগুলোও সমাধান করা হবে।’
ওয়ানডেতে এখন অবধি ১৩১ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। যার মধ্যে ভারত ৪৭টি এবং অজিরা ৭৪টিতে জয় পেয়েছে। তবে সর্বশেষ দুই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ভারতই। ২০১৭ সালে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে এবং গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল। - বাসস/ক্রিকবাজ
