ভোট কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান মনজুরের

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১০:২৩

হযরত শাহ আমানত শাহ (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম। গত বুধবার থেকে নির্বাচনী প্রচারণায় কোনো বিধি-নিষেধ না থাকলেও নগরীর কাট্টলী এলাকায় নিজের বাসভবনে অবস্থান করে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এই সদ্য বিদায়ী মেয়র।

গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে এম মনজুর আলম লবণ ও নির্মাণ শ্রমিকদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, শুধু কেন্দ্রে গিয়ে ভোট  দিলে হবে না। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এসময় তিনি সরকারি দলের প্রার্থীর পক্ষের লোকজন ২০ দলীয় জোটের ভোটার এবং নেতাকর্মীদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন।
এদিকে এম মনজুর আলমের সমর্থনে গতকাল দিনভর নগরীর বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম বিএনপির বেশ কয়েকজন নেতা।
সকালে হালিশহর বি ব্লক এলাকায় অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ এই সরকারকে রেড সিগন্যাল দেখাবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি দাবি করে তিনি অবিলম্বে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এছাড়া মনজুর আলমের সমর্থনে গতকাল ২০ দলীয় জোট নেতারা মতবিনিময় সভায় মিলিত হন। নগরীর দেওয়ান হাট এলাকায় নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ২০ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহানগর আহ্বায়ক আবু নাসের চৌধুরীকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন সমন্বয় কমিটি গঠন করা হয়।