সদর উপজেলার রাজাপুর গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশী পিস্তল উদ্ধার করা হয়। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এরা হচ্ছেন-সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ফারুক হোসেন (৩৬), রফিকুল ইসলাম (৪০) ও গাংনী উপজেলার শরিফুল ইসলাম (৪০)।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বুধবার রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাত দল স্থানীয় শশার ক্ষেত পাহারাদারকে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। পরে ওই পাহারাদার গ্রামবাসীকে খবর দেয়। এসময় এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে ডাকাত দল আতঙ্ক সৃষ্টি করতে গ্রামবাসীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। গ্রামবাসী তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে তিন ডাকাতকে উদ্ধার করার সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসার পথে মৃত্যু হয় আরও দুই ডাকাতের। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্তি পুলিশ সুপার আজবাহার আলী শেখ।
