সেবক হতে চান আ জ ম নাছির

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ০২:১৫

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দীন গতকাল বৃহস্পতিবার সারাদিন উত্তর পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। স্থানীয় এলাকাবাসী আ.জ.ম নাছির উদ্দীনকে কাছে পেয়ে অভিযোগ করেন গত পাঁচ বছরে এলাকায় কোনো জনপ্রতিনিধিকে দেখতে পাননি, তাদের অভাব অভিযোগের কথা কাউকে জানাতে পারেননি। এ সময় তিনি বলেন, ‘নগরের প্রান্তিক ওয়ার্ডগুলো কার্যত গ্রাম রয়ে গেছে। গত ৫ বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। উত্তর পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন স্থানে পানি সংকট এবং পাহাড় ধসের মতো সমস্যা রয়েছে। আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। আল্লাহ’র রহমতে আপনাদের দোয়ায় আমি মেয়র নির্বাচিত হলে এলাকার সব ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেব। আমি নগরপিতা নই, নগর সেবক হয়েই আপনাকে সেবা করবো।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফতেয়াবাদ হযরত শাহজালাল বুখারী (রা.) মাজার জিয়ারত করে ওই এলাকায় গণসংযোগ শুরু করেন আ জ ম নাছির উদ্দীন। এরপর তিনি যান ফতেয়াবাদের মাহমুদাবাদ এলাকা, শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। সেখানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবদুর রশিদের বাড়িতে গিয়ে গণসংযোগ করেন। এরপর তিনি উত্তর ফতেয়াবাদ রাম ঠাকুর গ্রাম, ব্রাহ্মণপাড়া, পশ্চিম ছড়ারকুল, চৌধুরীহাট, বড়দীঘির পাড়, খিল্লাপাড়া, নন্দীরহাট, আমানবাজার, খোশাল শাহ মসজিদ রোড, বালুচরা ল্যাবরেটরি এলাকা, জালালবাদা ওয়ার্ডের উত্তর কুলগাঁও, কাঁঠালবাগান, রহমত আলী সারেংবাড়ি, বালুচরা করম আলী শাহ মসজিদ রোড, তুফানি সড়ক, পূর্ব কুলগাঁও খন্দকিয়া হাট, জমাদারপাড়া, কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় এলাকাবাসী আ.জ.ম নাছির উদ্দীনকে তাদের এলাকার নানা ধরনের সমস্যার  কথা জানান।
দুপুর আড়াউটার সময় আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন শাহসুফি কাজী নুরুদ্দীন চিশতির মাজার জিয়ারত করেন। পরে আল্লামা নুরুল ইসলাম হাশেমী সাহেবের সাথে সাক্ষাত্ করেন তিনি।
এরপর মধ্যম কুলগাঁও আল আমিন মসজিদ সড়ক, খাজা রোড, খলিল শাহ রোড, জামশেদ শাহ রোড, মোহাম্মদ আহসানুজ্জামান সড়ক, কুলগাঁও মাইজপাড়া, অক্সিজেন ওয়াপদা গেইট, অক্সিজেন মোড়, শহীদনগর এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে নগর আওয়ামী লীগ ও ১৪ দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী,  নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা এম আলী অজগর চৌধুরী, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রফিক, আওয়ামী লীগ নেতা কাজী এনামুল হক, শাহজাহান রশিদ, কাজী আবদুল কদর, শামীম আহমেদ, নাসির আহমেদ, হাসান্নুজ্জামান বাচ্চু প্রমুখ।
সিটি নির্বাচন ৫ জানুয়ারির মত হলে প্রতিহত করা হবে : মীর নাছির
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, সরকারি দলের মন্ত্রী, এমপি, নেতাদের হুমকিতে মনে হচ্ছে তারা পুনরায় আরেকটি ৫ জানুয়ারি  মার্কা নির্বাচন করার চক্রান্তে লিপ্ত। নির্বাচন কমিশন এ বিষয়ে বরাবরের মত নির্বিকার। কেন্দ্র দখল, কারচুপি কিংবা ভোট জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, ৫ জানুয়ারি কিংবা উপজেলা নির্বাচনের মত কোন প্রকার প্রহসনের নির্বাচনের চেষ্টা করা হলে চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। গতকাল বৃহস্পতিবার ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মীর নাছির এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোন কোন মন্ত্রী, এমপি সরকারি দলের প্রার্থীকে যে কোনভাবে বিজয়ী করা কিংবা পুলিশের সাথে ছাত্রলীগের কেন্দ্র পাহারা দেয়ার নামে কেন্দ্র দখলের হুমকি দেয়া সত্ত্বেও নির্বাচন কমিশন কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। এতেই বোঝা যায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা কিংবা জনগণের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ সৃষ্টির ইচ্ছা এই নির্বাচন কমিশনের নেই। গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

এদিকে, মেয়র পদে এম মনজুর আলমের সমর্থনে গতকাল নগরীতে মতবিনিময় সভার আয়োজন করে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক শ্রমিক দল। নগরীর নন্দনকানন এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মনজুর মাহমুদ।