চুক্তি ও অবরোধ প্রত্যাহার হতে হবে একই দিনে

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ০২:৪১

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পরমাণু চুক্তি এবং অবরোধ প্রত্যাহার হতে হবে একই দিনে। তা না হলে চূড়ান্ত চুক্তি নাও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন খামেনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পরমাণু সমঝোতার পর এই প্রথম মুখ খুললেন। খবর বিবিসি ও রয়টার্সের।
সমপ্রতি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও দেশটির পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, অবরোধ প্রত্যাহার না হলে চুক্তিও করা হবে না।
গতকাল খামেনি বলেন, তিনি চুক্তির পক্ষেও না, বিপক্ষেও না। তবে তিনি সমঝোতাকারীদের সমর্থন দিয়ে যাবেন। গত সপ্তাহে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সমঝোতার পরই দুই দেশ (যুক্তরাষ্ট্র ও ইরান) তাদের নিজ দেশের নাগরিকদের পক্ষে আনার চেষ্টা করে যাচ্ছেন।

খামেনি তার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেন, আমি আমেরিকার সঙ্গে সমঝোতার ব্যাপারে আশাবাদী না। খামেনি প্রেসিডেন্ট রুহানির বক্তব্যেও সমর্থন জানান। তাদের দুইজনের বক্তব্য পশ্চিমা বিশ্বের মতের বিরোধী বলেই মনে হচ্ছে। পশ্চিমা বিশ্ব বলছে, ইরানের ওপর অবরোধ আরোপ করা হবে ধাপে ধাপে। গত সোমবার যুক্তরাষ্ট্র এ মন্তব্য করে।