জয়ের ধারা অব্যাহত যুবাদের

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ২১:১৬
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সাত ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার দক্ষিণ আফ্রিকা যুব দলকে ১৪০ রানের বড় ব্যবধানে হারায় তারা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ। 
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুভ সূচনা করতে পারেনি স্বাগতিক দল। ৭৩ রানে তিন উইকেট পড়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় নাজমুল হাসান শান্তর অধিনায়কত্বে খেলা দলটি।
 
চতুর্থ উইকেট জুটিতে জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ১০৭ রানের পার্টনারশিপ গড়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে ৭৩ রান সংগ্রহ করে দলকে বিপদ মুক্ত করে সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত। পঞ্চম উইকেট জুটিতে শফিউদ্দিনের সঙ্গে জাকির হোসেনের গড়া অবিচ্ছিন্ন ৮০ রানের জুটির সুবাদে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ যুব দল। জাকির হোসেন ৮৩ বলে সাত চার ও এক ছক্কার সাহায্যে অপরাজিত ৮১ রান সংগ্রহ করেন। ২৭ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন শফিউদ্দিন। 
 
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৯ রান তুলতেই অলআউট দক্ষিণ আফ্রিকা যুব দল। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথি দলটি। দ্রƒতই ম্যাচ থেকে ছিটকে পরে তারা। 
 
ওপেনার কাইল ভেরেন্নে সর্বোচ্চ ৪৭ রান সংগ্রহ করলেও অন্য ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারায় দলের হার এড়ানো সম্ভব হয়নি। বাংলাদেশ দলের হয়ে ২১ রানের খরচায় তিন উইকেট শিকার করেন নাহিদুজ্জামান। দুটি করে উইকেট ভাগাভাগি করেন শান্ত, সালেহ আহমদে শাওন ও মোসাব্বেক হোসেন। 
 
সিরিজের তৃতীয় ম্যাচটি ১৩ এপ্রিল কক্সবাজারে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।