জয়পুরহাটে গোয়েন্দা পুলিশকে মারপিট করে আটক জামায়াত নেতাকে ছিনিয়ে নিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। জামায়াত-শিবির কর্মীদের মারপিটে ডিবির ওসিসহ ৫ গোয়েন্দা পুলিশকে মারাত্মক আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার আমদই ইউনিয়নের চৌমুহনি বাজার এলাকায়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশকে আক্রমণের সময় ৬/৭ রাউন্ড গুলি করে জনতাকে ছত্রভংগ করে দিয়েছে বলে জানায় পুলিশ। সন্ধ্যা থেকেই ওই এলাকায় সাঁড়াশি অভিযানে নেমেছে তারা।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুর ইসলাম জানান, নাশকতা মামলায় জয়পুরহাট শহর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলমকে সদর থানার মীরগ্রাম এলাকা থেকে আটক করে থানায় আনার পথে জামায়াত-শিবির কর্মীরা চৌমহনী বাজারে রাস্তায় ব্যারিকেড দেয়। এসময় দু’টি মোটরসাইকেলে থাকা গোয়েন্দা পুলিশের ইনস্পেক্টর মাহফুজুর রহমান, এস আই সেলিম, এস আই রহিম, এ এস আই জাহাঙ্গীর ও কনস্টবল জাফরকে বেদম মারপিট করে আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় ডিবির দু’টি মোটরসাইকেল ভাংচুর করে তারা। পরে পুলিশের ৬টি গাড়ির বহর গিয়ে আহতদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে এনামুল হক, জহুরুল ইসলাম বজলুর রহমান, ফারুক আহম্মেদ, একরামুল হোসেন আব্দুর আলীম নামের ৬ জনকে আটক করে।
উল্লেখ্য পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে জেলায় রাজশাহী বিভাগের পুলিশের ডিআইজি অবস্থান করা কালে এ ঘটনাটি ঘটলো।
