নাশকতার একাধিক মামলার আসামী আমদই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহআলমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। শাহআলমকে গ্রেপ্তার করে ফেরার পথে পাঁচ গোয়েন্দা ( ডিবি পুলিশ) পুলিশকে বেধড়ক লাঠিপেটা করে মারাত্মক আহত করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্র জানায়, আহতরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজুর রহমান, উপ-পরিদর্শক আব্দুর রহিম, উপ-পরিদর্শক সেলিম হোসেন, সহ উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সদস্য জাফর হোসেন। আহতদের জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ১৬ জনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার একাধিক মামলার পলাতক আসামী জামায়াত নেতা শাহআলমকে ধরতে যায়। মাধারইনগর বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করে ফেরার পথে একই উপজেলার মিরগ্রাম চৌমূহনী বাজার এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে আসামী ছিনিয়ে নেয়ার এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মী লাঠি ও লোহার রড দিয়ে গোয়েন্দা পুলিশদের বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে জয়পুরহাট থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, মাধাইনগর এলাকা থেকে জামায়াত নেতা শাহআলমকে গ্রেপ্তার করে ফেরার পথে মিরগ্রাম চৌমুহনী এলাকায় দুই থেকে তিনশ জামায়াত-শিবিরের নেতা-কর্মী তাদের বেধড়ক পিটিয়ে আসামী শাহআলমকে ছিনিয়ে নেয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিমান চন্দ্র জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশসহ ঘটনা স্থলে যাই। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
