চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল বাতেন বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোন ঘটনাকে ছাড় দেয়া হবে না। নির্বাচনকে ব্যাহত করে এমন কোন অপশক্তির কাছে মাথা নত করা হবে না। আচরণবিধির যে কোন লঙ্ঘনের ঘটনায় কঠোর অবস্থান নেয়া হবে। নির্বাচনের প্রতীক বরাদ্দ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মুসলিম ইন্সটিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সামনে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভোটের জন্য ঘুষ দেয়া, ভোট কেন্দ্র দখল করা, জালভোট দেয়া, ব্যালট বাক্স ছিনতাই, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উপর হামলা, ভোটকেন্দ্রের আশপাশে ভোটারদের যাওয়ার পথে বাধা দেয়া, কাউকে ভোটদানে নিরুত্সাহিত করা, নির্বাচনী আইনে গুরুতর অপরাধ। এমন অপরাধ কে করবেন এ কথা ভাবি না। তবে কেউ যদি তা করেন তাহলে নির্বাচনী আইন অনুসারে এসব অপরাধের সর্বনিম্ন শাস্তি ২ বছর এবং সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড। কেউ গুরুতর অপরাধ করলে মামলা করা হবে। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে শাস্তির বিধান করবেন। এ সময় নির্বাচনের কাজে যুক্ত ১৪ জন সহকারী রিটার্নিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
