কাল প্রার্থিতা ঘোষণা করবেন হিলারি

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ০২:১০
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামীকাল রবিবার নিজের প্রার্থিতা ঘোষণা করবেন। মার্কিন গণমাধ্যমে একথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে হিলারি তার প্রার্থিতার ঘোষণা দিবেন। খবর বিবিসির।
জানা গেছে, ৬৭ বছর বয়সী হিলারি প্রার্থিতা ঘোষণা করার পর আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ারে যাবেন প্রাথমিক প্রার্থী বাছাই প্রতিযোগিতায় (প্রাইমারি) অংশ নেয়ার জন্য। ডেমোক্র্যাটিক পার্টি থেকে হিলারি ২০০৮ সালেও প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করে বারাক ওবামার কাছে হেরে গিয়েছিলেন। এ বছর হিলারিকে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে ধরা হচ্ছে। প্রার্থিতা ঘোষণার পর হিলারি দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা তৈরী করবেন। সম্প্রতি ‘ইমেইল  কেলেঙ্কারি’ নিয়ে বেশ অসস্তিতে পড়েন সাবেক ফার্স্টলেডি। ২০০৮ সালের নির্বাচনের আগে বারাক ওবামার কাছে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পরাজিত হলেও তিনি ওবামার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৩ সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।