যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোররাতে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের হানিফ আলীর ছেলে শান্ত (৪৫) এবং একই গ্রামের আনিছুর রহমানের ছেলে অকু (২৯)। তারা ভারতে গরু আনতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
এলাকাবাসীর সূত্র মতে, পুটখালী এলাকার আকু ও শান্তসহ একদল চোরাচালানী শুক্রবার গভীর রাতে বাংলাদেশের ওপারে ভারতের আংরাইল এলাকায় গরু আনতে যায়। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আকু ও শান্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মৃতদেহ অপর সঙ্গীরা উদ্ধার করে নিয়ে আসে।
যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ’র গুলিতে দুইজন বাংলাদেশি মারা গেছেন। একজনের লাশ বেনাপোল পোর্ট থানায় এবং অপর জনের লাশ আত্মীয়রা পুটখালীর বাড়িতে নিয়ে গেছেন। ঐ লাশটিও থানায় আনা হবে।
তিনি আরো বলেন, ‘এটা ২৩ বিজিবি’র মধ্যেকার ঘটনা বলে ওরা দেখছে।’
খুলনা ২৩ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আব্দুর রহিম ইত্তেফাককে জানান, লাশ যেখানে পাওয়া গেছে সেটা ২৬ বিজিবি’র এলাকা। তবে যে এলাকাতেই হোক না কেন, এর অফিসিয়াল কার্যক্রম বিজিবির দায়িত্ব। আমরা আজই (শনিবার) দৌলতপুরের জিরো লাইনে বিএসএফের সাথে পতাকা বৈঠক করব এবং অফিসিয়ালি ‘প্রটেস্ট নোট’ দিব। এলাকার জনগণকে উদ্বুদ্ধ করব গরু না আনতে যাবার জন্য।’
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, শান্তর লাশ থানায় আমাদের হেফাজতে রয়েছে। অকুর লাশ খুঁজতে বেরিয়েছি আমরা। পাবার পর ময়না তদন্তের জন্য পাঠানো হবে।’
